এবার অ্যামাজন প্রাইমে ‘সন্দীপ অর পিংকি ফেরার’

আপডেট : ২০ মে ২০২১, ১৯:৪৭

বলিউড অভিনেত্রী পরিনীতি চোপড়াকে শেষ দেখা গিয়েছিল ব্যাডমিল্টন খেলোয়াড় সাইনা নেহওয়ালের বায়োপিকে। সিনেমাটিতে সাইনার ভূমিকায় তার অভিনয় দারুণ প্রশংসিত হয়। সেই রেশ কাটতে না কাটতেই এবার মুক্তি পেল পরিনীতির নতুন সিনেমা ‘সন্দীপ অর পিংকি ফেরার’। যদিও এর আগে সীমিত সময়ের জন্য সিনেমা হলে এটি মুক্তি পেয়েছিল। তবে করোনায় কাবু ভারতে সব সিনেমা হল বন্ধ থাকায় ওটিটি প্লাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে নতুন করে মুক্তি দেওয়া হলো সিনেমাটি। গতকাল সিনেমাটির পরিচালক দিবাকর ব্যানার্জি ইনস্টাগ্রামের এক পোস্টে এই ঘোষণা দেন। সিনেমাটির নায়ক অর্জুন কাপুর পোস্টটি শেয়ার করে লেখেন ‘একটি সুন্দর থ্রিলার গল্প। দেখুন, অ্যামাজনে।’ সিনেমাটিতে একজন পুলিশ অফিসার ও একজন উচ্চাভিলাষী কর্পোরেট ব্যক্তির জীবনের নানা দিক তুলে ধরা হয়েছে। এ প্রসঙ্গে পরিনীতি চোপড়া বলেন, ‘গতানুগতিক গল্পের বাইরে গিয়ে নির্মাতা এই সিনেমাটি নির্মাণ করেছেন। শুরুতে সিনেমা হলে মুক্তি দেওয়া হলেও করোনা সেখানে বাঁধা হয়ে দাঁড়ায়। যার কারণে আমার ভক্ত-দর্শকরা সিনেমাটি দেখা থেকে বঞ্চিত হয়েছেন। তাদের সিনেমাটি দেখার একটি ভালো সুযোগ তৈরি হলো। আশা করি এই দুঃসময়ে সিনেমাটি একটু হলেও বিনোদিত করবে। তাছাড়া এখন অনেক ভালো বাজেটের, ভালো গল্পের সিনেমা ওটিটিতে মুক্তি দেওয়া হচ্ছে। এটা আমাদের জন্য খুবই ইতিবাচক একটি দিক।’