মা হারালেন অরিজিৎ সিং

আপডেট : ২০ মে ২০২১, ২১:৪৭

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের মা অদিতি সিং। কিন্তু ভাইরাসটির সংক্রমণ থেকে সুস্থ হলেও শেষ রক্ষা হলো না তার। বুধবার রাত ১১টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। আজ বৃহস্পতিবার (২০ মে) এ খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের শুরুর দিকে অসুস্থ হয়ে পড়েন ৫২ বছর বয়সী অদিতি সিং। তখন তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে এ নেগেটিভ রক্তের দরকার হয়। সকলের সহায়তায় সেটির ব্যবস্থা হয় এবং এক পর্যায়ে সুস্থ হয়ে উঠেন তিনি। গত ১৭ তারিখ তিনি করোনামুক্ত হন।

হাসপাতাল সূত্র জানিয়েছে, সেরিব্রাল স্ট্রোকের কারণে মৃত্যুবরণ করেন অরিজিৎ সিংয়ের মা। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/টিএ