বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ভারত ফুটবল দল এখন কাতারের রাজধানী দোহায়। সেখানে মানিয়ে নিতে ভারতের সুনীল ছেত্রীরা ১৪ দিন আগে উপস্থিতি হয়েছেন। এরই মধ্যে সুনীল ছেত্রীরা অনুশীলনেও নেমে গেছেন। আগামী ৩ জুন দোহায় কাতারের বিপক্ষে ভারতের ম্যাচ। এই একই দিনে একই মাঠে বাংলাদেশ খেলবে আফগানিস্তানের বিপক্ষে। সুনীল ছেত্রীরা দোহায় থাকলেও বাংলাদেশের জামাল ভূঁইয়ারা এখন ঢাকায়।
জামালরা ম্যাচের চারদিন আগে দোহায় যাবে। এর আগে যাওয়ার সুযোগ নেই। বাফুফে বলেছিল তারা অনেক আগে কাতার যাবে। সেখানে ভালোভাবে প্রস্তুতি নিবে। প্রস্তুতি ম্যাচও খেলবে। শেষ পর্যন্ত কোনাটাই হয়নি। ম্যাচের আগে মানিয়ে নেয়ার কতো পরিকল্পনা। কিন্তু শেষ পর্যন্ত সবই ভেস্তে গেছে। বাফুফে বলছে ২২ মে কাতার সরকারের বিশেষ অনুমতি নিয়ে কাতারের উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল।
কিন্তু কাতার সরকারের কোভিড সংক্রান্ত শক্ত স্বাস্থ্য বিধিমালার কারণে কাতারে গিয়ে বাংলাদেশ ফুটবল দল সুইমিং, জিম, ডাইনিং সুবিধা পাবে না। রুমে আলাদা ভাবে খাবার খেতে হবে। অনুশীলন মাঠ ও হোটেল ছাড়া কোথায়ও যাওয়ার অনুমিত নেই বিধায় ৩০ মে ফুটবল দল কাতার যাবে। তারও আগে দলের ম্যানেজার ইকবাল হোসেন জানিয়েছিলেন কাতার গিয়ে মাত্র দুই দিনের কোয়ারেন্টিন করতে হবে। বাংলাদেশ ফুটবল দলকে কোয়ারেন্টিন করতে হবে। আর ভারত ফুটবল দলকে সেটা করতে হচ্ছে না।
অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে (এআইএফএফ) যোগাযোগ করা হলে সচিব কুশল দাস বললেন, ‘হ্যাঁ সুনীলরা দোহায় চলে গেছে। পৌঁছেও গেছে তারা।’ কোয়ারেন্টিনের বিষয়ে জানতে চাইলে কুশল দাস বলেন, ‘না না কোনো কোয়ারেন্টিন করতে হবে না। বায়োবাবলে থাকতে হবে। প্র্যাকটিস মাঠ হোটেল পর্যন্ত থাকতে হবে।’ দোহায় কোনো প্রস্তুতি ম্যাচ খেলবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন,‘প্রস্তুতি ম্যাচের চেষ্টা করা হচ্ছে।’
ভারতীয় ফুটবল দল মানিয়ে নিতে কাতারে গিয়ে অনুশীলনেও নেমে পড়ল। আর বাংলাদেশের কোচ জেমি ডে তার খেলোয়াড়দের নিয়ে কাতারে প্রস্তুতি ম্যাচ খেলা তো দুরের কথা, মানিয়ে নেয়ার সুযোগও পেলেন না। শর্তের বেড়াজালে আটকে গেল বাংলাদেশ। আর একই খেলা খেলতে গিয়ে হোটেল মাঠ মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছেন ভারতীয় ফুটবলাররা। বাফুফে বলছে অনুশীলন মাঠ ও হোটেল ছাড়া কোথায়ও যাওয়ার অনুমিত নেই।
প্রশ্ন হচ্ছে বাংলাদেশের ফুটবলাররা খেলতে যাবে। তারা তো বেড়াতে যাবে না। তাহলে মাঠ ও হোটেল ছাড়া কোথাও যাওয়ার অনুমতি প্রয়োজন কেন। বিশ্বকাপের বাছাইয়ের বাংলাদেশের তিনটি ম্যাচ বাংলাদেশে হওয়ার কথা। সেই ম্যাচ এখন কাতারে। ম্যাচ বাংলাদেশের আর সাংগঠনিক লড়াইয়ে সুবিধা তুলে নিল ভারত।
ইত্তেফাক/এসআই
