রাস্তার ব্যবহার!

আপডেট : ২০ মে ২০২১, ২০:৫৯

গ্রামে গঞ্জে দেখা যায়, অধিকাংশ রাস্তার ওপর ধান মাড়াই, ভুট্টা মাড়াই, পাট ও পাটকাঠি শুকানো, ধানের খড় শুকানোসহ খড় ও পাটকাঠির গাদা। রাস্তার এরকম ব্যবহারের ফলে গাড়ির চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের শ্বাসকষ্ট ও নানা ধরনের শারীরিক সমস্যা সৃষ্টি হয়ে থাকে। বৃষ্টির পর খড় পচে রাস্তাঘাট পিচ্ছিল ও দুর্গন্ধময় হয়ে ওঠে, যা পরিবেশবান্ধব ও স্বাস্থ্যকর নয়। কিন্তু রাস্তা তো এসব কাজের উদ্দেশ্যে তৈরি করা হয়নি এবং তা কারো ব্যক্তিগত সম্পত্তিও নয়। সুতরাং তাতে কারো এমন কোনো কাজ করার অধিকার নেই যাতে মানুষের চলাচলে বাধা সৃষ্টি হয়। রাস্তায় ফসল মাড়াই করা, শুকোতে দেওয়া বা স্তূপ করে রাখার অর্থ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা। রাস্তা পরিচ্ছন্ন, নিরাপদ ও সুরক্ষিত রাখা আমাদের সবার দায়িত্ব। অথচ যার যেভাবে মন চায় রাস্তায় খড় শুকায়, গোবর শুকায়, গাছের টুকরা ফেলে রাখে। পাকা সড়কের ওপর এ সমস্ত জিনিস রাখায় সড়কের পিচ ঢালাইয়ের টেম্পার নষ্ট হয়। তাই প্রয়োজন এ ব্যাপারে কর্তৃপক্ষের নজর দেওয়া।

হাসান সিকদার

শিক্ষার্থী, সরকারি তিতুমীর কলেজ, ঢাকা