চালের দাম

আপডেট : ২০ মে ২০২১, ২১:০১

সোনালি ধান কৃষকের মুখে হাসি ফোটায়। সেই হাসি আবার মলিন হতেও সময় লাগে না। যখন কৃষক তার ফলানো ফসল ধানের কাঙ্ক্ষিত দাম পায় না। কিংবা কৃষকের পরিশ্রমের ফসল বানের জল ভাসিয়ে নিয়ে যায়। এখন চলছে করোনাকাল। বৈশ্বিক এই মহামারির কারণে বদলে গিয়েছে অনেক কিছু। অনেক মানুষ তাদের পেশা ছেড়ে দিয়ে যুক্ত হয়েছে অন্য কোনো পেশায়। কিন্তু কৃষকরা ধরে রেখেছে কৃষিকে। ইদানীং চালের দাম বেড়েছে। আগে ভালো মানের এক কেজি মোটা চালের দাম ছিল ৩০ থেকে ৩৫ টাকা। এখন বেড়ে হয়েছে ৬০ থেকে ৬২ টাকা। চালের দাম বাড়লেও বাড়েনি নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের আয়। এদিকে চালের দাম বাড়লেও সেই চালের উত্পাদনকারী অনেক কৃষক এখনো ন্যায্য মূল্য থেক বঞ্চিত। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে প্রান্তিক পর্যায়ের অনেক কৃষক এখন তাদের পেশা কৃষি নিয়ে শঙ্কিত। দায়িত্বশীল কর্তৃপক্ষের উচিত চালের দামের ঊর্ধ্বগতির মূল কারণ খুঁজে বের করে  প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। অন্তত মানুষের স্বস্তির জন্য হলেও চালের নিয়ন্ত্রণহীন দামের লাগাম টেনে ধরার সময় এখন।

হিমু চন্দ্র শীল

শিক্ষার্থী, কক্সবাজার সরকারি কলেজ