সরকারি চাকরির আবেদন ফি

আপডেট : ২০ মে ২০২১, ২১:০১

যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের বেশিরভাগই নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সন্তান। তাদের  বেশিরভাগই টিউশনি করে নিজেদের খরচ চালায়। খাওয়াদাওয়া, বাসাভাড়া, বই, খাতা-কলম, কোচিং ফি, পত্রিকা বিল, ইন্টারনেট খরচ ইত্যাদি বাবদ নির্দিষ্ট টাকার সংস্থান করতে একজন শিক্ষার্থীর হিমশিম খেতে হয়। এসব খরচ ছাড়াও গলার কাঁটা হয়ে দাঁড়ায় চাকরির উচ্চ আবেদন ফি। ১ম ও ২য় শ্রেণির সরকারি চাকরির জন্য ক্ষেত্রভেদে ৫০০, ৭০০, ১০০০ টাকা আবেদন ফি পরিশোধ করতে হয়। ফলে অনেকে মেধাবী ও দক্ষ হওয়া সত্ত্বেও অর্থের অভাবে ভালো পদে আবেদন করতে পারে না। অন্যদিকে, অধিকাংশ পরীক্ষা সাধারণত রাজধানী শহরে অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য পরীক্ষার্থীরা ঢাকায় আসে। ফলে তাদের যাতায়াত, হোটেলভাড়া, খাওয়াদাওয়া ইত্যাদি বাবদ অনেক টাকা খরচ হয়ে যায়। এই টাকা অধিকাংশ চাকরিপ্রার্থীর কাছে মড়ার ওপর খাঁড়ার ঘা। পৃথিবীর অনেক দেশে বেকারদের জন্য বেকারভাতা চালু আছে। কর্মসংস্থান হওয়ার আগ পর্যন্ত সরকার তাদের বেকারভাতা দিয়ে থাকে। অথচ আমাদের দেশে চাকরির বিজ্ঞাপন দিয়ে চাকরিপ্রার্থীর কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার রমরমা প্রতিযোগিতা চলে! আমাদের মতো দেশে হয়তো বেকারদের বেকারভাতা দেওয়া সম্ভব নয়। কিন্তু চাকরিপ্রার্থীদের বিনা ফিতে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ তৈরি করে দেওয়া মোটেই অসম্ভব নয়। আর যদি আবেদন ফি রাখতেই হয় তবে তা অবশ্যই চাকরিপ্রার্থীদের সামর্থ্যের মধ্যে থাকা উচিত।

মো. আশরাফুল ইসলাম

শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়