উত্তরায় আর্থিক লেনদেনের বিরোধে ড্যান্সার শাকিল খুন

আপডেট : ২০ মে ২০২১, ২১:১৩

উত্তরায় ড্যান্সার শাকিল হোসেন হত্যা মামলার প্রধান আসামি সাব্বির হোসেন ওরফে ভুঁইয়া সাব্বির গ্রেফতার হয়েছে। ঘটনার ১০ দিন পর বুধবার রাতে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তুরাগ এলাকার রাজাবাজার থেকে তাকে গ্রেফতার করে। ডিবি পুলিশ গতকাল তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নিয়েছে। গ্রেফতারকৃত সাব্বির নিহত শাকিলের ঘনিষ্ঠ বন্ধু ছিল। উল্লেখ্য, গত ৯ মে রাতে গার্লফ্রেন্ডসহ ফুচকা খাওয়ানোর দাওয়াত দিয়ে তাকে ছুরি মেরে হত্যা করা হয়। নিহত শাকিল দক্ষিণখান ফায়েদাবাদ গোয়ালটেক এলাকার বাসিন্দা তাইজুল ইসলামের ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। তিনি ইন্টারনেটের ব্যবসার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করতেন ।

মামলার এজাহারে বলা হয়, ঘটনার দিন বিকাল পৌনে ৪টায় বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য বাসা হতে বের হয়। রাত ৯টায় শাকিলের ছোট ভাইয়ের মোবাইল ফোনের মাধ্যমে পরিবার জানতে পারে শাকিলকে কে বা কারা উত্তরা পূর্ব থানার ৮ নম্বর সেক্টর এলাকায় ছুরিকাঘাত করেছে। প্রাথমিক চিকিত্সার জন্য শাকিলকে উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা খারাপ দেখে কর্তব্যরত ডাক্তার তাকে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে রাত সাড়ে ১০টার দিকে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু জানান, শাকিল হত্যা মামলার প্রধান আসামি সাব্বিরকে বুধবার রাতে গ্রেফতার করা হয়। পরে তার দেখানো মতে উত্তরা পূর্ব থানার আব্দুল্লাহপুর বেড়িবাঁধ এলাকা থেকে হত্যাকাণ্ডে ব্যবহূত একটি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করা হয়। এ গোয়েন্দা কর্মকর্তা আরো বলেন, সাব্বিরকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল তিন দিনের রিমান্ডে আনা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। টাকা লেনদেনের বিরোধের জের ধরেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।