সোহরাওয়ার্দী উদ্যান রক্ষায় দায়েরকৃত আদালত অবমাননা মামলার শুনানি মুলতুবি করেছে হাইকোর্ট। উদ্যানের উন্নয়নমূলক প্রকল্প নিয়ে পরিবেশবাদীসহ সকলের সঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বৈঠক করবেন মর্মে আদালতকে জানানোর পরই এই আদেশ দেন বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ। আদালত বলেন, কোর্ট খোলার পরই মামলাটির শুনানি হবে।
এ পর্যায়ে আদালত অবমাননা মামলার আইনজীবী মনজিল মোরসেদ গাছ কাটা বন্ধে আদালতের মৌখিক আদেশ প্রার্থনা করেন। কিন্তু এতে আপত্তি জানিয়ে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, আদালত অবমাননার মামলায় স্থগিতাদেশ দেওয়ার সুযোগ নেই।
সম্প্রতি সোহরাওয়ার্দী উদ্যানের বেশকিছু গাছ কেটে সেখানে ওয়াকওয়ে ও রেস্টুরেন্ট নির্মাণের প্রতিবাদে সরব হয় পরিবেশবাদীরা। পাশাপাশি হাইকোর্টে আদালত অবমাননার মামলা করেন আইনজীবী মনজিল মোরসেদ। মামলায় অভিযোগ করা হয়, উচ্চ আদালতের রায় উপেক্ষা করে সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে ব্যাবসায়িক স্বার্থে রেসু্বরেন্ট ও দোকান প্রতিষ্ঠার জন্য পরিবেশ ধ্বংস করে গাছ কেটে ফেলা হাইকোর্টের রায়ের সম্পূর্ণ পরিপন্থি।
