সাভারের আশুলিয়ায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৪৫) হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে আশুলিয়ার বাড়ইপাড়া স্ট্যান্ড-সংলগ্ন নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশের ড্রেন থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকাল ৮টার দিকে বাড়ইপাড়া স্ট্যান্ডের কাছে ড্রেনে হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখে জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তির পরনে লুঙ্গি ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ বলেন, ধারণা করা হচ্ছে তিনি গরু ব্যবসায়ী এবং তাকে হত্যা করে দুর্বৃত্তরা তার কাছে থাকা টাকা-পয়সা ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরসহ তার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
