বিশৃঙ্খলাকারী যে দলেরই হোক, ব্যবস্থা নিন .............. এমপি নিক্সন চৌধুরী

আপডেট : ২০ মে ২০২১, ২১:৪১

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ‘বিশৃঙ্খলাকারী যে দলেরই হোক না কেন তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভাঙ্গা উপজেলার আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান উপদেষ্টা হিসেবে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। ভাঙ্গা চাঁদনী অডিটরিয়ামে আয়োজিত সভা শেষে উপজেলা মত্স্য দপ্তরের উদ্যোগে ৬০ জন মত্স্য উদ্যোক্তাকে সরকারি প্রণোদনা প্রদান করেন এমপি নিক্সন চৌধুরী। সভায় তিনি আরো বলেন, ‘তার নির্বাচনি এলাকা ভাঙ্গা সদরপুর চরভদ্রাসনের জনগণের জানমাল রক্ষার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। মাঝেমধ্যেই ভাঙ্গার বিভিন্ন ইউনিয়নে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষসহ লুটপাটের ঘটনা ঘটে। এতে জানমালের ক্ষয়ক্ষতিসহ এলাকার বদনাম হয়। তাই দাঙ্গা-হাঙ্গামাকারীসহ এদের ইন্ধন দাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিমউদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব আহম্মেদ প্রমুখ।