ধামইরহাটে শসার ভালো ফলন ও দাম পেয়ে চাষিরা বেশ খুশি। উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছর ধামইরহাট উপজেলায় ২৩৫ হেক্টর জমিতে শসা চাষ হয়েছে। উপজেলার ইসবপুর ইউনিয়নের পূর্ব তাহেরপুর গ্রামের কৃষানি ফারজানা আক্তার বলেন, তিনি ৪০ শতাংশ জমিতে লালতীর বারোমাসি জাতের শসা রোপণ করেন। পাইকাররা খেত থেকে শসা কিনে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছেন। শসা চাষ করতে তার মোট খরচ হয়েছে ২০ হাজার টাকা। এ পর্যন্ত প্রায় ৮০ হাজার টাকার শসা বিক্রি করেছেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাপলা খাতুন বলেন, এবার কৃষক দাম বেশি পাওয়ায় আগামীতে এ অঞ্চলে শসা চাষ বাড়বে।
