বৃহত্তর রংপুর অঞ্চলের কৃষিতে পানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে পাঁচ বছর মেয়াদি সেচ সুবিধা প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। কৃষি মন্ত্রণালয়ের অধীনে এ প্রকল্পে বৃহত্তর রংপুর অঞ্চলের রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার বিভিন্ন পরিত্যক্ত খাল-বিল, পুকুর ও নদ-নদী পুনঃখননের মাধ্যমে এসবের ভূ-উপরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণ এবং বৃষ্টির পানি সংরক্ষণ করা সম্ভব হবে। প্রকল্প এলাকায় বিভিন্ন প্রজাতির কয়েক লাখ বৃক্ষরোপণে গড়ে উঠবে বনায়ন।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক হাবিবুর রহমান খান জানান, প্রকল্পের আওতায় রংপুর অঞ্চলের পাঁচ জেলার ৩৫টি উপজেলা সেচ সম্প্রসারণ সুবিধার আওতায় আসবে। আগামী পাঁচ বছরে ২৩০ কিলোমিটার খাল, ১১টি বিল, ১১৮টি পুকুর পুনঃখনন করে সঞ্চিত ও ধারণকৃত পানির সাহায্যে প্রায় ১০ হাজার ২৫০ হেক্টর জমিতে অতিরিক্ত সেচ সুবিধা সম্প্রসারণ করা সম্ভব হবে। এছাড়াও ১৩০টি এলএলপিতে ১৩০ কিলোমিটার ভূ-গর্ভস্থ সেচ নালা নির্মাণ করে সেচের পানির অপচয় রোধের মাধ্যমে কৃষকের সেচ ব্যয় হ্রাস ও দক্ষতা বৃদ্ধি করা হবে। খালগুলো পুনঃখনন করা হলে বিদ্যমান জলাবদ্ধতা দূর হবে। এতে ৩৫০ হেক্টর অনাবাদি পরিত্যক্ত জমি চাষের উপযোগী করা সম্ভব হবে।
