তিতাসে বিয়েবাড়িতে হামলায় আহত ৩ আটক ১

আপডেট : ২০ মে ২০২১, ২১:৪৬

তিতাসে বিয়েবাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাত সাড়ে ৮টায় উপজেলার খলিলাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। এতে তিন জন আহত হয়। রাতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত একজনকে আটক করেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে খলিলাবাদ গ্রামের রাজ মিয়ার মেয়ের বিয়ের আয়োজন করা হয়। এ সময় রাস্তায় গাড়ি পার্কিং করা নিয়ে বরপক্ষের সঙ্গে স্থানীয় কয়েক জন যুবকের কথা কাটাকাটি হয়। রাজ মিয়া জানান, প্রথমে কথা কাটাকাটি হয়। এরপর বরযাত্রী আমার মেয়েকে নিয়ে যাওয়ার সময় খলিলাবাদ রাস্তায় গাড়িরোধের চেষ্টা করে। তাতে বাধা দিলে সেলিমসহ তিন জনকে পিটিয়ে আহত করে এবং আমার বাড়িতে হামলা চালায়। তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস বলেন, ৯৯৯ কলের সুবাদে তাত্ক্ষণিক পুলিশ গিয়ে অভিযুক্ত মো. সাইদুর রহমানকে আটক করেছে। এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে, তদন্তসাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।