চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুর গ্রাম থেকে অস্ত্র ও গুলিসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম এ তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলেন—চুয়াডাঙ্গা পৌর এলাকার শাকের ও তার চাচাতো ভাই একই গ্রামের সুমন। এ সময় তাদের কাছ থেকে একটি রিভলবার, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ।
পুলিশ সুপার জানান, গত ২৭ ফেব্রুয়ারি প্রকাশ্য দিবালোকে চুয়াডাঙ্গা শহরের বাস টার্মিনাল এলাকায় বাকের ও শাকের ট্রাকচালক সাচ্চুকে গুলি করে। তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিত্সা নিয়েছেন। এই ঘটনায় পুলিশ বাকেরকে একটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলিসহ গ্রেফতার করে এবং শাকের পালিয়ে যায়। বৃহস্পতিবার ভোরে একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ পলাতক আসামি শাকের ও সুমনকে জাফরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
