গতকাল বৃহস্পতিবার জামালপুরে বজ্রপাতে ছয় জনসহ বিভিন্ন স্থানে নয়জন নিহত হয়েছেন। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
জামালপুর : জেলার ইসলামপুরে বজ্রপাতে ৬ জনের মৃত্যু হয়েছে। এসময় বজ্রপাতে তিনটি গরুসহ কমপক্ষে ১০জন আহত হয়েছে। জানা যায়, গতকাল বিকালে কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এসময় মাঠে কৃষিকাজ করতে গেলে বজ্রপাতে পার্থশী ইউনিয়নের পশ্চিম গামারিয়া গ্রামের বাসিন্দা হাসান আলীর ছেলে কালা মিয়া, একই এলাকার কাইল্যা সেখের ছেলে শাহাজামাল ও জব্বার খানের ছেলে এনামুল হক ঘটনাস্থলেই মারা যান। এছাড়াও বজ্রপাতে একই উপজেলার পলবান্ধা ইউনিয়নের বাটিকামারী গ্রামের কান্দু সেখের ছেলে জবেদ আলী, সাপধরী ইউনিয়নের প্রজাপতির চর এলাকার বাসিন্দা আব্দুল কুদ্দুস মোল্লার ছেলে বিল্লাল হোসেন এবং গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুর গ্রামের আখির মাহমুদের ছেলে মহিজল বজ্রপাতে মারা যান। এসময় বজ্রপাতে বাহাদুরপুর গ্রামের তিনটি গরু মারা যায়। কমপক্ষে ১০জন আহত হয়। আহতদের দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলা হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।
সিলেট অফিস : সিলেটের গোয়াইনঘাটে গতকাল সকালে জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে বাবুল মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি গোয়াইনঘাট উপজেলার ৫নং পুর্ব আলীরগাঁও ইউনিয়নের কাকুনাখাই (নয়াগ্রাম ) এর বাসিন্দা।
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) : গতকাল উপজেলার মোবারকপুর ইউনিয়নের গুয়াবাড়ি চাঁদপুর গ্রামের আবু তালেবের স্ত্রী রহিমা বেগম আম কুড়াতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছেন। বজ্রপাতে একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোবারকপুর উপরটোলা গ্রামের জালাল উদ্দিন নিহত হয়েছেন।
ঝড়ে পড়ে গিয়ে কৃষক নিহত
গাইবান্ধা: সাঘাটা উপজেলায় বৃহস্পতিবার ঝড়ের কবল থেকে রক্ষা পেতে দৌড় দিলে পড়ে গিয়ে কৃষক আরমান আলী (৫৫) মারা গেছেন। আরমান আলী উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের ফলিয়া দিগর গ্রামের মৃত. সোমেদ আলীর ছেলে। ঝড়ে গাছ চাপা পড়ে তিন জন আহত হয়েছেন।
