রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ অনার্স (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার শহিদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে রুটিন দায়িত্বে নিযুক্ত উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি উপকমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রাবির জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. মো. আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৬ আগস্ট ‘সি’ ইউনিট, ১৭ আগস্ট ‘এ’ ইউনিট ও ১৮ আগস্ট ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন তিন শিফটে সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১০টা ৩০ মিনিট; দুপুর ১২টা থেকে ১টা ও বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd-এর admission মেন্যুতেও দেখা যাবে।
