প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে দেশের বিভিন্ন প্রান্তে উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় বগুড়া সেনানিবাস রাজশাহী জেলার গৃহহীন বীর সেনা মুক্তিযোদ্ধা সার্জেন্ট মো. শাহজাহান আলীর (অবসরপ্রাপ্ত) কাছে গতকাল বৃহস্পতিবার একটি বাড়ি হস্তান্তর করে। অনুষ্ঠানে বগুড়া সেনানিবাসের দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তাগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইতিপূর্বে বগুড়া সেনানিবাস তিনটি বাড়ি নির্মাণ শেষে গৃহহীন সেনা মুক্তিযোদ্ধাদের হস্তান্তর করে এবং বর্তমানে আরো দুটি বাড়ি নির্মাণাধীন রয়েছে। এছাড়া ১১ পদাতিক ডিভিশন, বগুড়া সেনানিবাস কর্তৃক আশ্রয়ণ প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জ জেলায় এর আগে গৃহহীন পরিবারের মধ্যে ৪৪টি বাড়ি হস্তান্তর করা হয় এবং বর্তমানে আরো ৪৪টি বাড়ি নির্মাণাধীন রয়েছে।—আইএসপিআর
