মহামারির প্রভাবে বদলে গেছে জীবনধারা। সেই প্রতিবন্ধকতার মধ্যেও বেশ কিছু শিল্পীর কাজ নিয়ে শুরু হয়েছে প্রদর্শনী। তাদের কাজে উঠে এসেছে করোনাকালের কথা। বৃহত্ত্ব হোম আর্ট প্রোজেক্টের আওতায় এই শিল্প প্রকল্পের মাধ্যমে তরুণ শিল্পীদের শিল্প সৃষ্টিতে অনুপ্রাণিত করার পাশাপাশি নির্দেশনা দিয়েছেন শিল্পী ঢালী আল মামুন, মাহবুবুর রহমান ও বিশ্বজিত্ গোস্বামী। এই তিন জনের দীর্ঘ ‘মেন্টরিং’ প্রক্রিয়া ও পরিচর্যার মধ্য দিয়ে উন্মোচিত হয়েছেন ১৪ জন উদীয়মান শিল্পীর অনুসন্ধানী দৃষ্টিভঙ্গি। সেই অনুসন্ধানী দৃষ্টিভঙ্গির আলোকে সৃষ্ট শিল্পকর্ম নিয়ে ধানমণ্ডির বেঙ্গল শিল্পালয়ে চলছে প্রদর্শনী। দলগত এই প্রদর্শনীর শিরোনাম ‘বৃহত্ত্ব হোম আর্ট প্রোজেক্ট ২০২০’। যৌথভাবে প্রদর্শনীটির আয়োজন করেছে বৃহত্ত্ব আর্ট ফাউন্ডেশন ও বেঙ্গল আর্টস প্রোগ্রাম।
প্রজেক্টের আর্টিস্টিক ডিরেক্টর বিশ্বজিত্ গোস্বামী বলেন, মহামারি আমাদের অপ্রত্যাশিত পরিবর্তনের মুখোমুখি করেছে। বিশ্ব জুড়ে স্বাস্থ্যঝুঁকি, অর্থনৈতিক ক্ষতি এবং মানসিক অবসাদগ্রস্ততার বিরূপ সময়ে আমরা সম্মিলিত হয়েছি নব প্রাণশক্তিতে।
প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন—আব্দুল্লাহ আল বশীর, আমিনুল ইসলাম আশিক, অসীম হালদার, দিনার সুলতানা পুতুল, জয়তু চাকমা, আনিসুল হক, ইমতিয়াজ ইাসলাম রাসেল, মোজাহিদুর রহমান সরকার, নিয়াজ উদ্দীন আহম্মেদ, রাকিব আনোয়ার, শিমুল দত্ত, শিমুল সাহা, সোমা সুরভী জান্নাত ও সুমন ওয়াহেদ।
তিন মাসব্যাপী এই প্রদর্শনীর সূচনা হয় গত ১৩ মার্চ। চলবে আগামী ১২ জুন পর্যন্ত। প্রদর্শনালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে উপভোগ করা যাবে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
