নদীর চরে অবৈধ ইটভাটা উচ্ছেদ করলো ভ্রাম্যমাণ আদালত

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৯, ১৬:২১

ডুমুরিয়ার ভদ্রা নদীর চরে গড়ে ওঠা অবৈধ একটি ইট ভাটা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩০ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে ভ্রাম্যমাণ আদালতের এই উচ্ছেদ অভিযান। 

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, গত অর্থ বছরে ডুমুরিয়ায় ভদ্রা নদী পুনঃ খনন প্রকল্পের সময় নদী চরে বসবাসরত প্রায় ৬ শতাধিক পরিবার ও দুইটি ইটভাটা সরিয়ে নেওয়া হয়। কিন্তু অজ্ঞাত কারণে নদীর চরে থেকে যায়  জনৈক হাফিজুর রহমানের এবি-১ নামক ইট ভাটাটি। এতে মুখ থুবড়ে পড়ে নদী খননের কাজ। এ নিয়ে নদীর চর থেকে স্বেচ্ছায় চলে যাওয়া পরিবার ও এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। 

ইট-ভাটাটি উচ্ছেদের বিষয়ে এলাকাবাসী প্রশাসন বরাবরে আবেদন করেন। এর প্রেক্ষিতে খুলনা জেলা প্রশাসকের নির্দেশে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের নেতৃত্বে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা বুধবার ইট-ভাটাটি উচ্ছেদ করে। 

আরো পড়ুন: পরমাণু চুক্তি মেনে চলছে ইরান: জাতিসংঘ

 

অভিযানের সময় পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান, উপজেলা পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল মতিন, উপজেলা ফরেস্টটার ফুরকানুল আলম, উপ-সহকারি প্রকৌশলী মো. হাসনাতুজ্জামান, উপ-সহকারি ভূমি কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/অনি