সাতক্ষীরার তালায় আম গাছ থেকে রুপালী বেগম (৩৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রুপালী বেগম জেঠুয়া গ্রামের মনিরুজ্জান সরদারের স্ত্রী।
শুক্রবার (২১ মে) সকালে তালা উপজেলার জেঠুয়া গ্রামের বাড়ির পাশে একটি আম গাছ থেকে গলায় শাড়ি পেচানো অবস্থায় ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ভোররাতে ওই গৃহবধূর দেবর পিলাত সরদার আম কুড়াতে গিয়ে রুপালী বেগমের ঝুলন্ত লাশ দেখতে পায়। বিষয়টি জানাজানি হলে রাতেই প্রতিবেশিরা ঘটনাস্থলে এসে দেখতে পায়। সকালে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, গৃহবধূর স্বামী মনিরুজ্জামানের সঙ্গে তার সম্পর্ক ভালো। তাদের মধ্যে কখনো কোন ঝগড়া বিবাদ হয় না। কিন্তু কি কারণে এমন ঘটনা ঘটলো সেটির কারণ জানা যায়নি। তবে, গৃহবধূ রুপালী বেগমকে দূর্বত্তরা হত্যা করে আম গাছে গলায় শাড়ি পেঁচিয়ে ঝুলিয়ে রাখতে পারে বলে তাদের ধারণা।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে।
ইত্তেফাক/এমআর
