বঙ্গবন্ধু স্যাটেলাইটের বকেয়া বিল পরিশোধ করে চালু এসএ টিভি, বন্ধ চ্যানেল নাইন

আপডেট : ২১ মে ২০২১, ১৯:৪৩

বঙ্গবন্ধু স্যাটেলাইটের বকেয়া ভাড়া পরিশোধ করার পর বেসরকারি টেলিভিশন এসএ টিভির সম্প্রচার চালু হলেও বন্ধ রয়েছে চ্যানেল নাইনের সম্প্রচার কার্যক্রম। স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) বৃহস্পতিবার (২০ মে) রাতে টেলিভিশন দুটির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। পরে আজ শুক্রবার (২১ মে) বেলা পৌনে ২টার দিকে এসএ টিভির সম্প্রচার আবার চালু হয়।

এসএ টিভির ডেপুটি হেড অব নিউজ বেলাল হোসেন বলেন, ‘আমি এখন স্যাটেলাইট কোম্পানির অফিসে আছি। আমরা বকেয়া পরিশোধ করেছি। এখন আমাদের চ্যানেলের সম্প্রচার চালু করা হয়েছে।’

স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, চ্যানেল দুটির সামান্য কিছু টাকা বাকি পড়েছিল, এজন্য সম্প্রচার বন্ধ করেছিলাম।

কত টাকা বাকি এ বিষয়ে শাহজাহান মাহমুদ বলেন, এটা বলা যাবে না। সামান্য কিছু টাকা। তবে এটুকু বলতে পারি আমাদের চ্যানেলগুলো যে পরিমাণ টাকা দেয় সে অনুপাতে এটা অত্যন্ত সামান্য।

এসএ টিভির সম্প্রচার চালুর কথা উল্লেখ করে তিনি বলেন, আশা করছি, চ্যানেল নাইনও রবিবার সকাল ১০টার মধ্যে ঠিক হয়ে যাবে।

চ্যানেল নাইনের অনুষ্ঠান বিভাগের একজন প্রযোজক গণমাধ্যমকে জানান, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট এখন বেসরকারি টেলিভিশনের কাছ থেকে ভাড়া অগ্রিম নেয়। চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত অগ্রিম ভাড়া ১ কোটি টাকার মতো পরিশোধ করতে বৃহস্পতিবার চিঠি আসে।’

এরপর ৪০ লাখ টাকা জমা দেয়া হয়। বাকি টাকা দিয়ে যত দ্রুত সম্ভব পরিশোধ করে টেলিভিশন চালুর উদ্যোগ নেয়া হয়েছে। বেসরকারি টেলিভিশনগুলো আগে মূলত সিঙ্গাপুর ভিত্তিক স্যাটেলাইট ব্যবহার করত। সেখানে ভাড়া পরিশোধে অগ্রিম দেয়ার ব্যাপার ছিল না। তবে ২০১৮ সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের পর থেকে অগ্রিম ভাড়া পদ্ধতি চালু হয়। আর এটিই সমস্যা তৈরি করেছে বলে দাবি করেন তিনি।

উল্লেখ্য, ২০১৮ সালে ১২ মে প্রথম বাণিজ্যিক স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ এর সফল উৎক্ষেপণের মধ্য দিয়ে বাংলাদেশ মহাকাশ যুগে প্রবেশ করে। পরের বছর অক্টোবরে এই কৃত্রিম উপগ্রহের মাধ্যমে টেলিভিশন স্টেশনগুলোর বাণিজ্যিক সম্প্রচারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইত্তেফাক/এমএএম