চুয়াডাঙ্গায় ভারতফেরত এক কিশোরসহ করোনায় ২ জনের মৃত্যু

আপডেট : ২১ মে ২০২১, ১৬:৫১

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা রেডজোনে চিকিৎসাধীন সাকিব উদ্দিন (১৭) নামে ভারতফেরত করোনা পজিটিভ এক কিশোর মারা গেছেন। এছাড়া, একই জোনে চিকিৎসাধীন আবুল হোসেন (৬৫) নামে করোনা পজিটিভ আরও একজন মারা গেছেন। শুক্রবার (২১ মে) এক ঘণ্টার ব্যবধানে তারা মারা যান।
 
সাকিবের বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কলেজপাড়ায়, আবুল হোসেনের বাড়ি জেলার দামুড়হুদা উপজেলার মদনা গ্রামে। 

ভারতে চিকিৎসা করতে গিয়ে আটকে পড়া সাকিব গত ৯ মে তাঁর বাবা-মাসহ বেনাপোল বন্দর হয়ে দেশে প্রবেশ করেন। ১১ মে তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের রেডজোনে ভর্তি করা হয়। পরে ১২ মে করোনা পরীক্ষায় সাকিব ও তাঁর মা করোনা পজিটিভ শনাক্ত হন। এছাড়া, ১৫ মে আবুল হোসেন করোনার উপসর্গ নিয়ে সদর হাসপাতালে ভর্তি হন। ১৬ মে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছিলেন। 

এদিকে, দুপুর ১টা  পর্যন্ত দর্শনা চেকপোষ্ট হয়ে ভারত থেকে ৫০জন পাসপোর্টধারী যাত্রী দেশে প্রবেশ করেছে। এই দিনে গত পাঁচ দিনে এই চেকপোষ্ট হয়ে ৩৮৪ জন দেশে প্রবেশ করেছে।
 
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এএসএম ফাতেহ আকরাম জানান, করোনা প্রটোকল মেনে দাফনের নির্দেশনাসহ করোনায় মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

ইত্তেফাক/এসজেড