করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সৌদি সরকারের বেধে দেওয়া নতুন বিধিনিষেধ সৌদিগামী প্রবাসী কর্মীদের ভোগান্তির মধ্যে ফেলেছে। এমনকি দেশটিতে পৌঁছার পর নিজ খরচেই সাত দিন হোটেল বুকিং করে থাকতে হবে কোয়ারেন্টিনে। তবে এ ক্ষেত্রে সহযোগিতা না পাওয়ায় অনিশ্চিত হয়ে পড়েছে অনেক প্রবাসীর সৌদিযাত্রা।
শুক্রবার (২১ মে) বিকেলে সৌদি এয়ারলাইন্সের জেদ্দাগামী ফ্লাইটের প্রায় অধিকাংশ যাত্রীর হোটেল বুকিং হয়নি। এ বিষয়ে কারওয়ানবাজার সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ে গিয়েও কোনো সমাধান পাচ্ছেন না যাত্রীরা। প্রবাসীদের অভিযোগ কোথায় হোটেল বুকিং দেওয়া হবে, সে বিষয়ে তাদের কোনো সুনির্দিস্ট তথ্য দেওয়া হচ্ছে না।

কারওয়ানবাজার সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ে অপেক্ষমাণ সৌদি প্রবাসী যাত্রী। ছবি: ইত্তেফাক
এদিকে, হোটেল বুকিং না হওয়ায় অনেকেরই ফ্লাইট মিস হয়েছ। কারো বা শেষ হয়েছে করোনা সার্টিফিকেটের মেয়াদ। এদিকে নতুন শর্ত আরোপের পর হয়ে পড়েছে এয়ারলাইন্সগুলোর ফ্লাইট শিডিউল। জটিলতার কারণে বিমান ২৩ মে পর্যন্ত ফ্লাইট বাতিল করেছে।
শুধু হোটেল বুকিং নিয়েই ভোগান্তির শেষ হচ্ছে না। প্রবাসী কর্মীদের অভিযোগ, খরচ বেড়েছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনেরও। সৌদি সরকার নির্ধারিত হোটেলে কোয়ারেন্টাইনের খরচ পড়ছে ৬৫ হাজার ৭০০ টাকা। আবার অন্যদিকে রুটের একমুখী প্লেন ভাড়া সর্বনিম্ন ৪৫ হাজার থেকে সর্বোচ্চ ৫৭ হাজার টাকা।
ইত্তেফাক/এমএএম
