মো. কবির হোসেন (সুজন), প্রভাষক
ব্যবস্থাপনা বিভাগ
নিকুঞ্জ মডেল কলেজ, ঢাকা।
প্রিয়, এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, অনুশীলন বিভাগে তোমাদের স্বাগত। কোভিড-১৯ মহামারির কারণে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের পাঠ্যসূচির সিলেবাস সংক্ষিপ্ত করে গুরুত্বপূর্ণ কয়েকটি অধ্যায় নিয়ে পাঠ্যসূচি প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রথমপত্রের প্রথম অধ্যায় পাঠ্যসূচির অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তোমাদের সুবিধার্থে এই অধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন এবং উত্তর উপস্থাপন করা হলো। অনুধাবনমূলক প্রশ্নের উত্তরসমূহ পড়ার সাথে সাথে তোমাদের জ্ঞানমূলক উত্তরসমূহও আয়ত্তে চলে আসবে। কারণ প্রত্যেক অনুধাবনমূলক প্রশ্নের উত্তরের সাথে জ্ঞানমূলক প্রশ্নের উত্তর জড়িত। আর উদ্দীপক তৈরির ক্ষেত্রেও তোমাদের তা কাজে আসবে। সেজন্য খুব দ্রুত অধ্যায়ভিত্তিক অনুধাবনমূলক প্রশ্নসমূহ জেনে নাও।
১। ব্যবসায় বলতে কী বোঝায়?
উত্তর:মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রাকৃতিক প্রদত্ত সম্পদ সংগ্রহ করে নির্দিষ্ট প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগি পণ্য প্রস্তুত করে উত্পাদন কেন্দ্র থেকে ভোক্তা পর্যন্ত পৌঁছে দেওয়ার যাবতীয় কার্যকে ব্যবসায় বলা হয়।
প্রাকৃতিক প্রদত্ত সম্পদ সংগ্রহ করে শিল্প পণ্যের রূপগত উপযোগ সৃষ্টি করে আর বাণিজ্য বণ্টনের ক্ষেত্রে সকল প্রতিবন্ধকতা দূর করে বণ্টন কার্যের সাথে সম্পৃক্ত থাকে। ব্যবসায় শিল্পের মাধ্যমে উত্পাদন এবং বাণিজ্যের মাধ্যমে বণ্টন ছাড়াও কিছু সহায়ক কার্যাবলি অর্থাত্ ক্রয় বিক্রয় কার্য সুষ্ঠুভাবে সম্পাদনের ক্ষেত্রে অর্থগত. ঝুঁকিগত, স্থানগত, কালগত, তথ্যগত ইত্যাদি বাধা দেখা দেয় তা দূরীকরণের জন্য ব্যাংক, বীমা, পরিবহন, গুদামজাতকরণ প্রসার ইত্যাদি কার্যে সহযোগিতা করে থাকে। তাই এই ব্যবসায়ের কার্য একটি ব্যাপক ও বিস্তৃত বিষয়।
২। শিল্প বলতে কী বোঝায় ?
উত্তর:যে কর্ম প্রচেষ্টা বা প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃতি প্রদত্ত সম্পদ সংগ্রহ করে উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্য প্রস্তুত করা হয় তাকে শিল্প বলা হয়।
এই শিল্পকে উত্পাদনের বাহন বলা হয়। তবে উত্পাদন প্রক্রিয়ার ভিন্নতার কারণে এই শিল্প আবার বিভিন্ন ধরণের বা রকমের হয়ে থাকে, যথা কৃষি শিল্প, প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প ও প্রস্তুত শিল্প। তবে এর কার্যটি একটি প্রক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণ হয় বলে এই প্রক্রিয়ার সাথে মানুষের প্রচেষ্টা যুক্ত হয়ে নতুন উত্পাদন বা উপযোগ সৃষ্টি করে। অর্থাত্ এটি পণ্যের রূপগত উপযোগ সৃষ্টি করে।
৩। বাণিজ্য বলতে কী বোঝায়?
উত্তর:শিল্পে উত্পাদিত পণ্য প্রকৃত ভোগকারী বা ব্যবহারকারীর নিকট পৌঁছানোর ক্ষেত্রে যে সকল প্রতিবন্ধকতা দেখা দেয় মুনাফা অর্জনের উদ্দেশ্যে তা দূরীকরণের জন্য গৃহীত যাবতীয় কাজের সমষ্টিকে বাণিজ্য বলা হয়।
এটি ব্যবসায়ের অন্যতম একটি প্রধান শাখা। এটি ব্যবসায়ের অর্থগত, স্থানগত, কালগত সময়গত এবং প্রচারগত বাধা সমূহ ব্যাংক, বীমা, পরিবহন, গুদামজাতকরণের মাধ্যমে দূর করে পণ্যের ক্রেতা বা ভোক্তার দুয়ারে পৌঁছে দেয়। তাই একে ব্যবসায়ের বণ্টনকারী শাখাও বলা হয়।
৪। সামাজিক ব্যবসায় বলতে কী বোঝায়?
উত্তর:যে ব্যবসায় গড়তে মূলধন বিনিয়োগ করা হয় কিন্তু তার পিছনে মুনাফা অর্জন বা লভ্যাংশ প্রাপ্তির কোন উদ্দেশ্য থাকে না বরং সমাজের কল্যাণ ও দারিদ্র দূরীকরণের উদ্দেশ্যই থাকে তাকে সামাজিক ব্যবসায় বলা হয়।
সামাজিক ব্যবসায়ের মূল উদ্যোক্তা ক্ষুদ্র ঋণ ব্যবস্থার মাধ্যমে সামাজিক ব্যবসায়ের গোড়াপত্তন করেন। সাধারণত মূলধন বিনিয়োগের বিপরীতে প্রত্যেক ব্যক্তি মুনাফা প্রত্যাশা করে। কিন্তু সামাজিক ব্যবসা এমন একটি ব্যবসা সেখানে মুনাফা মূখ্য উদ্দেশ্য থাকে না। শুধুমাত্র সামাজিক উন্নয়ন মুখ্য উদ্দেশ্য থাকে। তবে মূলধন বিনিয়োজিত ব্যক্তি তার মূলধন ফেরত্ নিতে পারে। মূলধনের বিপরীতে যে মুনাফা হয় তার অংশ ব্যবসায়ের প্রসার ও উন্নয়ন কাজে ব্যবহার করা হয়। মূলত সামাজিক সচেতনতা থেকে এই ধরনের ব্যবসা শুরু করা হয় যা প্রতিষ্ঠাতা সাতটি রূপকল্প বাস্তবায়নে কাজ করে থাকেন।
