ভারতে ফের যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

আপডেট : ২১ মে ২০২১, ২১:১৪

আবারও বিধ্বস্ত হয়েছে ভারতীয় বিমানবাহিনীর একটি মিগ-২১ বাইসন যুদ্ধবিমান। শুক্রবার ভোরে ট্রেনিং চলাকালে আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই সেটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় মৃত্যু হয়েছে বিমানটির চালক স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরীর।

ভারতীয় বিমানবাহিনীর বরাতে সংবাদ প্রতিদিন জানিয়েছে, ঘাঁটি থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই পাঞ্জাবের মোগা জেলার লাঙ্গিয়ানা খুর্দ গ্রামের কাছে বিমানটি ভেঙে পড়ে। ইতিমধ্যে এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। চলতি বছরে এ নিয়ে ভারতে তিনটি মিগ-২১ বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে। গত মার্চ মাসে একটি মিগ-২১ বাইসন এবং জানুয়ারি মাসে রাজস্থানের সুরতগড়ে একটি মিগ-২১ ফাইটার জেট বিধ্বস্ত হয়। ২০১৯ সালে সংসদে দেশটির কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রীপদ নায়েক জানিয়েছিলেন, ২০১৬ সাল থেকে ভারতীয় বিমানবাহিনীর মোট ২৭টি এয়ারক্রাফট দুর্ঘটনার কবলে পড়েছে। এর মধ্যে রয়েছে ১৫টি ফাইটার জেট। মিগ সিরিজের বিমান বিধ্বস্তের ঘটনা নতুন কিছু নয়। ‘ফ্লাইং কফিন’ তকমা পাওয়া এই বিমান চালাতে গিয়ে মৃত্যুও হয়েছে বহু পাইলটের।

 

০