নানা আয়োজনে বিশ্ব মেডিটেশন দিবস পালিত

আপডেট : ২১ মে ২০২১, ২১:১৬

বিশেষ প্রতিনিধি

বাংলাদেশে প্রথমবারের মতো পালিত হলো বিশ্ব মেডিটেশন দিবস। ‘নিয়মিত মেডিটেশন, সুস্থ সফল সুখী জীবন’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে দিবসটি পালিত হয়। গতকাল সকাল সাড়ে ৯টায় দেশের বিভিন্ন স্থানে একই সময়ে ধ্যানমগ্ন হন অনেকে। এর আগে সকাল ৭টার দিকে জাতীয় প্রেসক্লাব চত্বরে দিবসটি উপলক্ষ্যে বিশেষ আয়োজন করে কোয়ান্টাম। কোয়ান্টাম মিডিয়া সেলের আহ্বায়ক মোহাম্মদ মাহমুদুজ্জামানের সঞ্চালনায় মেডিটেশন সংক্রান্ত অনুভূতি বর্ণনা করেন জাতীয় প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য ও কোয়ান্টাম গ্র্যাজুয়েট সাংবাদিক কাজী রওনাক হোসেন। এরপর মেডিটেশনে বসেন উপস্থিত সবাই। এ ছাড়া কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রতিটি শাখা ও সেলে ছিল বিশেষ আয়োজন। কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে এ বছর প্রথমবারের মতো পালিত হলো দিবসটি। দিবসটি উপলক্ষ্যে কোয়ান্টাম ফাউন্ডেশনের পক্ষ থেকে সচেতনতামূলক ডকুমেন্টারি, বিশেষ মেডিটেশন প্রকাশ ও বিশেষ আলোচনার আয়োজন করা হয়।

গত কয়েক বছর ধরে পৃথিবী জুড়ে কিছু প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে ২১ মে বিশ্ব মেডিটেশন দিবস হিসেবে পালিত হয়ে আসছে। বিভিন্ন শ্রেণি পেশা ও বয়সের মানুষ এতে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। উজ্জীবিত হচ্ছেন নতুন শক্তি ও উদ্যমে। নতুন গতি অনুভব করেছেন স্বাস্থ্য ও মনে।

কোয়ান্টাম ফাউন্ডেশনের পরিচালক সমন্বয় মিসেস সুরাইয়া রহমান বলেন, কোয়ান্টাম বিশ্বাস করে, দেশের সব পর্যায়ে মেডিটেশন চর্চা বিস্তৃত হলে এদেশ রূপান্তরিত হবে সুস্থ সবল কর্মোদ্যমী সুশৃঙ্খল জনগোষ্ঠীতে। জাতি হিসেবে আমরা এগিয়ে যেতে পারব আরো বহু দূর। তাই আসুন নিয়মিত মেডিটেশনের মাধ্যমে প্রশান্তি সুস্বাস্থ্য সজীবতায় আমাদের মনুষ্যত্বকে জাগিয়ে তুলি। মানবিকতাকে ছড়িয়ে দেই পরিবারে, সমাজে ও সারা দেশে।