রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা: রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল ঢাকা-ডেমরা-রূপগঞ্জ সড়কের পূর্বগ্রাম এলাকায় কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ মানববন্ধন করেন। এর আগে পূর্বগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. জাহেদ আলী। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা রবি রায়, শেখ রাসেলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লোকমান হোসেন ভান্ডারী, রূপগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, রাসেলনগর ইউনিয়ন মহিলা লীগের সভাপতি নাজমা খান, কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক নাদিম হোসেন অপু, শেখ রাসেলনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরাফাত হোসেন, কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলমগীর হোসেন, যুবলীগ নেতা শফিকুল ইসলাম জাহিদ প্রমুখ। সভায় বক্তারা বলেন, প্রতিপক্ষ রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে পুলিশের সহযোগিতায় গত ছয় মাসে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. জাহেদ আলীসহ শতাধিক নেতকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজি, মারামারি, বিস্ফোরকসহ রূপগঞ্জ থানায় পাঁচটি মামলা দায়ের করেছে। এসব মামলায় জামিনে থাকলেও পুলিশ প্রতিনিয়ত আওয়ামী লীগের নেতাকর্মীদের হয়রানি করছে। নেতাকর্মীদের হয়রানি বন্ধ করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
