বিশ্বকাপ আর্চারি রিকার্ভ ইভেন্টের ফাইনাল আজ

আপডেট : ২১ মে ২০২১, ২১:৩৩

স্পোর্টস রিপোর্টার

সুইজারল্যান্ডে বিশ্বকাপ আর্চারিতে বাংলাদেশের আর্চাররা একাধিক ইভেন্ট থেকে বিদায় নিলেও মিশ্র দলগত ফাইনালে উঠেছেন বাংলার দুই আর্চার রোমান সানা এবং দিয়া সিদ্দিকী। আজ এই দুই আর্চার রিকার্ভ ইভেন্টের ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে লড়াই করবেন। বাংলাদেশে এই প্রথম কোনো খেলায় বিশ্বকাপের ফাইনালে উঠেছে এমন দাবি করেছেন আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল। তিনি বর্তমানে সুইজারল্যান্ডের লুজানে অবস্থান করছেন। সেখানে চলছে বিশ্বকাপ আর্চারি। চপল বললেন, ‘বাংলাদেশে কোনো খেলা কখনো বিশ্বকাপের ফাইনালে উঠেনি। এবার আর্চারি প্রথম ফাইনাল খেলছে।

আর্চারি বিশ্বকাপের একক ইভেন্টের মতো পুরুষ ও নারী দলগতেও দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। গতকাল লুজানে অনুষ্ঠিত রিকার্ভ পুরুষ দলগত কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে রোমান সানা, তামিমুল ইসলাম ও রামকৃষ্ণ সাহা ৫-৪ সেটে হেরে গেছেন স্পেনের কাছে। রিকার্ভ নারী দলগত ইভেন্টে দিয়া সিদ্দিকী, বিউটি রায় ও মেহেনাজ আক্তার মনিরা ৬-২ সেটে ফ্রান্সের কাছে হেরে বিদায় নেন।