পাটগ্রামে নবজাতক উদ্ধার

আপডেট : ২২ মে ২০২১, ০০:০৪

পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা

পাটগ্রামে ভুট্টাখেত থেকে শুক্রবার সকালে এক নবজাতককে উদ্ধার করেছে এক দম্পতি ও এলাকাবাসী। দুপুরে পুলিশ নবজাতককে হাসপাতালে এনে স্বাস্থ্য পরীক্ষা করে। উপজেলার জগতবেড় ইউনিয়নের মধ্য মোহাম্মদপুর সবেতুল্লা এলাকার ভুট্টাখেতের চিকন আইলের মধ্যে খালি শরীরে নবজাতককে পড়ে থাকতে দেখেন মোহাম্মদ আলীর স্ত্রী মিনা বেগম। পরে তিনি ও তার স্বামী শিশুকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত কর্মকর্তা) হাফিজুল ইসলাম ও উপ-পুলিশ পরিদর্শক হাসান নবজাতকসহ ঐ দম্পতিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। শিশুটির স্বাস্থ্য পরীক্ষা শেষে থানার নারী ও শিশু সেলে রাখা হয়। পুলিশ পরিদর্শক (তদন্ত কর্মকর্তা) হাফিজুল ইসলাম নবজাতক উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ছোট শিশুর জরুরি পরিচর্যার প্রয়োজন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে উপজেলা সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে উদ্ধারকারী দম্পতির জিম্মায় দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পরবর্তী সময় উপযুক্ত অভিভাবক পাওয়া না গেলে আইন মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।