দেওয়া হয়নি লোকবল
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণকাজ সম্পন্ন ও জেলা স্বাস্থ্য বিভাগের নিকট হস্তান্তরের প্রায় দেড় বছরেও এটি চালু হয়নি। কবে নাগাদ হাসপাতালটি চালু হবে তা সংশ্লিষ্ট কেউ বলতে পারছেন না। এলাকাবাসী জরুরি ভিত্তিতে জেলার একমাত্র সদ্যসমাপ্ত ২৫০ শয্যার হাসপাতালটি চালুর আবেদন জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৪ সালে হাসপাতালটির নির্মাণকাজ শুরু হয়ে ২০১৯ সালের জুন মাসে শেষ হয়। প্রায় ৩০ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হাসপাতাল ভবনটি জেলা স্বাস্থ্য বিভাগ ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে বুঝে নেন। মাদারীপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামরুল ইসলাম খান জানান, জেলা সদরের ২৫০ শয্যার হাসপাতালটির সম্পূর্ণ কাজ শেষ করে ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে জেলা স্বাস্থ্য বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে। সিভিল সার্জন ডা. মো. সফিকুল ইসলাম জানান, ২৫০ শয্যা হাসপাতালের পদ সৃজনের বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। সদর হাসপাতালের আরএমও ডা. মো. নুরুল ইসলাম জানান, বর্তমানে মাদারীপুর সদর হাসপাতালে প্রায় ৩৯ জন চিকিত্সকের পদ শূন্য রয়েছে। ফলে হাসপাতালে আগত রোগীদের চিকিত্সা দিতে হিমশিম খেতে হচ্ছে। ২৫০ শয্যার হাসপাতালটি চালু হলে রোগীর চাপ অনেক কমে যাবে।
