চাঁদপুরে চা-শ্রমিকদের স্মরণে ভাস্কর্য নির্মাণ করা হবে :শিক্ষামন্ত্রী

আপডেট : ২১ মে ২০২১, ২১:৪৮

চাঁদপুুর প্রতিনিধি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, ২০ মে ইতিহাসের একটি কালো দিন। ১০০ বছর আগে এই দিনে ‘মল্লুক চলো’ আন্দোলনের ডাক দিয়ে নিজ দেশে ফিরে যেতে প্রায় ৩০ হাজার চা-শ্রমিক চাঁদপুর স্টিমারঘাটে এসেছিল। ঐ সময় তাদের অনেককে গুলি করে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয় তত্কালীন বৃটিশ শাসকের গোর্খা বাহিনী। এ স্থানটিতে মুক্তিযুদ্ধের সময়ও মুক্তিযোদ্ধাদের হত্যা করে একই কায়দায় লাশ নদীতে ফেলে দেওয়া হতো। চাঁদপুরের যে স্থানে মুল্লুকে চলো আন্দোলনের চা-শ্রমিকদের হত্যা করা হয়েছিল সেখানে একটি ভাস্কর্য/স্মৃতিসৌধ নির্মাণ কর হবে।

ঐতিহাসিক ‘মুল্লুক চলো’ আন্দোলন এবং চাঁদপুরে চা-শ্রমিক গণহত্যার শতবর্ষ উপলক্ষ্যে বৃহস্পতিবার রাতে সাহিত্য মঞ্চ এবং বিশ্ববিদ্যালয় চা-ছাত্র সংসদের আয়োজনে অনলাইনে ভার্চুয়াল আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন তরুণ লেখক ও সাহিত্য মঞ্চের সাধারণ সম্পাদক আশিক বিন রহিম। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল প্রমুখ।