গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
গোমস্তাপুরে আরো দুই জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার সকালে রাজশাহীর পিসিআর ল্যাব থেকে চার জনের রিপোর্ট পজিটিভ আসে। এর মধ্যে দুই নারী আগেই র্যাপিড অ্যান্টিজেন টেস্টে শনাক্ত হয়। পিসিআর ল্যাবে শনাক্ত অন্য দুই জন হলেন, রহনপুর পৌর এলাকার ৩৫ বছরের যুবক ও ৪০ বছরের গৃহিণী। এ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৩৩ জনের করোনা শনাক্ত করা হয়েছে। গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা মনিটরিং কর্মকর্তা ডা. হাসান আলি বলেন, নতুন করে শনাক্ত হওয়া দুই জন গত সোমবার স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে জ্বর ও কাশি উপসর্গ নিয়ে চিকিত্সা নিতে যায়। এ সময় দায়িত্বরত চিকিত্সক তাদের কোভিড-১৯-এর লক্ষণ দেখে পরীক্ষা করার পরামর্শ দেন। পরে তাদের নমুনা সংগ্রহ করে রাজশাহীর পিসিআর ল্যাবে পাঠানো হলে শুক্রবার রিপোর্ট পজিটিভ আসে। তারা সবাই বাড়িতে আইসোলেশনে থেকে চিকিত্সা নিচ্ছে। তিনি আরো জানান, গত ১৭ এপ্রিল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ও পিসিআর ল্যাবে মোট ৩৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে গোমস্তাপুর উপজেলার ২৮ জন, নাচোল উপজেলার দুই জন, চাঁপাইনবাবগঞ্জ সদর, নিয়ামতপুর ও ভোলাহাট উপজেলার একজন করে রয়েছে। এছাড়া সুস্থ হয়েছেন ১১ জন, চিকিত্সা নিচ্ছে ২১ জন ও মারা গেছে এক জন।
