জয়পুরহাট প্রতিনিধি
মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে বৃহস্পতিবার রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে ১৭ মাদকসেবীকে গ্রেফতার করেছে র্যাব জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। গোপন খবরের ভিত্তিতে মাদক সেবনের খবর পেয়ে র্যাবের মাদকবিরোধী বিশেষ স্কোয়াডের সদস্যরা জয়পুরহাট সদরের তেতুলতলা আমবাগান এলাকা ও শহরের সুপারপট্টি এলাকায় পৃথক অভিযান চালান বলে জানান স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. ওমর আলী। ঐ সময় মাদকসেবনরত অবস্থায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানান র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কমান্ডার সহকারী পুলিশ সুপার মাসুদ রানা। তিনি বলেন, গ্রেফতার মাদকসেবীদের বিরুদ্ধে জয়পুরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।
