ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেছেন, বাংলাদেশকে বিশ্বের সঙ্গে এগিয়ে নিতে হলে জ্ঞান আর বুদ্ধি দিয়েই এগিয়ে যেতে হবে। বর্তমান যুগ বিজ্ঞানের তথ্যপ্রযুক্তির যুগ। বিজ্ঞানকে কাজে লাগিয়ে বিশ্বের দরবারে বাংলাদেশের বিজ্ঞানীদের স্থান করে নিতে হবে। গুণগতভাবে ভালো শিক্ষার্থীদের দ্বারাই সেটা সম্ভব। বিদ্যালয়ে ভালো লেখাপড়া না হলে, বহুতল ভবন কোনো কাজে আসবে না। শুক্রবার সকালে ফুলবাড়ী উপজেলার বেতদীঘি ইউনিয়নের মালঞ্চা (দামারপাড়) নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এমপি আরো বলেন, করোনাকালে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। কাজেই বিকল্প পদ্ধতি অবলম্বন করে শিক্ষার্থীদের পড়াশোনার মধ্যেই রাখতে হবে। স্বাস্থ্যবিধি মেনে খোলা মাঠে একেক দিন একেক শ্রেণির শিক্ষার্থীরা শিক্ষা চর্চা করলেই, তাদের মনোযোগ শিক্ষায় ফিরিয়ে আনা সম্ভব। করোনার বিরুদ্ধে যেহেতু কোনো অস্ত্র নেই, তাই স্বাস্থ্থ্যবিধি মেনেই করোনাকে মোকাবিলা করতে হবে।
