ফুলবাড়ী সীমান্তে ভারতীয় নাগরিক আটক

আপডেট : ২১ মে ২০২১, ২১:৫১

ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা

ফুলবাড়ী সীমান্তে বৃহস্পতিবার সন্ধ্যায় আলম মিয়া (৪০) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি সদস্যরা। আটক নাগরিক কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার চৌধুরীরহাট সাদিয়ালকাটি গ্রামের দুধু মিয়ার ছেলে। শুক্রবার সকালে ফুলবাড়ী থানা পুলিশ তাকে কুড়িগ্রাম কারাগারে পাঠিয়েছে। বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, ফুলবাড়ীর অনন্তপুর সীমান্তে আন্তর্জাতিক মেইন ৯৪৬-এর সাব পিলার ৫ এস থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভেল্লিরতল এলাকায় অবৈধ অনুপ্রবেশের দায়ে টহলরত অনন্তপুর ক্যাম্পের বিজিবির সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। পরে রাতে অবৈধ অনুপ্রবেশের অপরাধে তার বিরুদ্ধে মামলা দায়ের করে ফুলবাড়ী থানায় সোপর্দ করে বিজিবি। ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) সাওয়ার পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভারতীয় নাগরিকের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।