বিনোদন রিপোর্ট
জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা আনজাম মাসুদ বিটিভিতে ‘পরিবর্তন’ নামের একটি ম্যাগাজিন অনুষ্ঠান উপস্থাপনা করেছেন সর্বশেষ। এরপর নতুন পরিকল্পনা নিয়ে ফেরার প্রস্তুতি নেওয়ার সময়ই করোনাকাল শুরু হয়। তাই নতুন উদ্যোগ বাস্তবায়নে বিলম্ব হয় তার। তবে সেই বিরতি ভেঙে উপস্থাপনায় ফিরলেন আনজাম মাসুদ। অনুষ্ঠানের নাম ‘আমি কথা বলতে চাই’। এটি মূলত একটি প্রতিযোগিতামূলক টকশো। অনুষ্ঠানে ১৫ জন উপস্থাপকের পাশাপাশি ৪টি নাটিকায় ৯ জন অভিনয়শিল্পীও অংশগ্রহণ করেছেন। এটি এটিএন বাংলার ঈদ আয়োজনে আজ রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে। উপস্থাপনার পাশাপাশি অনুষ্ঠানটি পরিকল্পনা, গ্রন্থনা ও নির্দেশনা দিয়েছেন আনজাম মাসুদ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দীর্ঘদিন পর পর্দায় ফিরলাম। আগেই ভাবনায় ছিল ভিন্ন আঙ্গিকে কিছু নিয়ে ফিরবো। আমি কথা বলতে চাই অনুষ্ঠানটি সত্যিকার অর্থেই ভিন্নধর্মী। আমার মনে হয় এত জন উপস্থাপক নিয়ে এর আগে কেউ এ ধরনের অনুষ্ঠান করেনি। একই নামে অনুষ্ঠানটি নিয়মিত করার ইচ্ছে আছে। তবে সেগমেন্টে আরো অনেক পরিবর্তন আসবে। সেই লক্ষ্যে কাজ করছি এখন। আশা করছি দর্শকরা অনুষ্ঠানটি উপভোগ করবেন।’
