বিনোদন রিপোর্ট
অতিমারির এই সংকটকালে কারোরই ছবি রিলিজ নেই। তবে ছবি রিলিজ না হলেও ছবির ফার্স্টলুক, ছবির প্রিমিয়ার এসব আড়ম্বর চলছে। গতকাল ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘লিডার:আমিই বাংলাদেশ’-এর ফার্স্টলুক প্রকাশ হয়েছে। আরটিভি মুভিজ ও বেঙ্গল মাল্টিমিডিয়ার অফিশিয়াল ফেসবুক পেজে নতুন এ সিনেমার ফার্স্টলুকটি প্রকাশ করা হয়। এরই ভেতরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ অন্যান্য মাধ্যমে বেশ সাড়া ফেলছে পোস্টারটি।
শাকিব খান বলেন, ‘আমরা তো আমাদের কাজ করে যাচ্ছি। অনেকেই প্রশ্ন করছেন ছবি রিলিজ হচ্ছে না কেন? এই প্রশ্নের জবাব আসলে সবারই জানা। দেখুন, ছবি রিলিজ দেওয়ার মূল উদ্দেশ্য তো দর্শকদের দেখানো এবং মুনাফা অর্জন করা। আর আমার ছবি তো ব্যবসা করার জন্যই নির্মিত হয়। তাই অন্য যেকোনো ছবি হুটহাট করে রিলিজ করা গেলেও আমার ছবিটি নিয়ে ভাবতে হয়। আমাদের সকলেরই প্রার্থনা এখন এই সংকট যেন পেরিয়ে যায়।’
উল্লেখ্য, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁও বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে সাংবাদিক সম্মেলনে নতুন চলচ্চিত্র ‘লিডার:আমিই বাংলাদেশ’-এর সাইনিং অনুষ্ঠিত হয়। সেখানে পরিচালক তপু খান এবং বাংলা চলচ্চিত্রের আলোচিত জুটি শাকিব খান ও বুবলীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পন্ন হয়।
নির্মাতা তপু খান বলেন, আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে। করোনার এই প্রকোপ কিছুটা কমলেই আমরা শুটিং শুরু করবো। শাকিব খান-বুবলীও সেভাবেই নিজেদের লুক প্রস্তুত করেছেন। আমাদের টার্গেট থাকবে একটানা ৩০দিন শুটিং করার। বাকিটা পরিস্থিতির ওপর নির্ভর করছে।’ সিনেমাটিতে শাকিব খান-বুবলী ছাড়াও আরো অনেকে অভিনয় করবেন বলে জানা গেছে নির্মাতা সূত্রে।
