বিনোদন ডেস্ক
গত কয়েক বছর ধরেই বলিউড নির্মাতা-তারকারা সিনেমা হলের বাইরে একটি ভিন্ন প্লাটফর্ম খুঁজছেন। সেই প্রত্যাশা আরো প্রবল আকার ধারণ করে বিশ্ব মহামারি করোনা ভাইরাসের কারণে। ঘরবন্দি মানুষও বিকল্প মাধ্যমে বিনোদনের রসদ খুঁজছিলেন। আর এতেই অল্প সময়ে ওটিটি প্লাটফর্মগুলো বেশ জনপ্রিয়তা লাভ করে। মাধ্যমগুলোতে এখন মুক্তি পাচ্ছে বড় বাজেটের এবং বিগত সময়ের জনপ্রিয় সব সিনেমা-ওয়েব সিরিজ। বলা চলে, এটা বিনোদন জগতের মানুষদের পাশাপাশি দর্শকদের জন্য একটি আশীর্বাদ। এবার ঈদে ওটিটিসহ বেশ কয়েকটি মাধ্যমে মুক্তি পায় বলিউড ভাইজান সালমান খান ও দিশা পাটানি অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে:ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’। সিনেমাটি এরইমধ্যে দারুণ সাড়া ফেলেছে। আর এতেই দর্শক থেকে শুরু করে ওটিটি মাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সিনেমাটির নায়িকা দিশা। তিনি মনে করেন এই মাধ্যমটি বিনোদন জগতকে সচল রাখতে আশীর্বাদ হয়ে এসেছে সকলের জন্য। দিশা বলেন, ‘অন্যান্য সময়ের মতো রাধে মুক্তির জন্য একটি দারুণ সময় আমরা সকলেই খুঁজছিলাম। সিনেমাটি অনেক পরিশ্রম করে শেষ করেছিলাম। তবে করোনার কারণে সেভাবে প্রচার করা সম্ভব হয়নি। তারপরও একটি বিশেষ দিনে সিনেমাটি মুক্তি পাওয়ায় আমি অনেক খুশি হয়েছি। এ নিয়ে আমার অনুভূতি সত্যি ভাষায় প্রকাশ করার মতো না। এমন একটি উত্সবে সিনেমাটি মুক্তি পেয়েছে, যা আমার ক্যারিয়ারের জন্য বিশেষ প্রাপ্তি। দর্শকরাও অনেক ভালোবেসে সিনেমাটি গ্রহণ করেছেন। তাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে। করোনার এই দুঃসময় কবে কাটবে কেউ জানি না। আর এই সময়ে ওটিটি আশীর্বাদ হয়ে এসেছে আমাদের ইন্ডাস্ট্রিতে। এই মাধ্যমটি বিনোদন শিল্পকে চালিয়ে নেওয়ার পাশাপাশি অসংখ্য কর্মসংস্থান তৈরি করেছে।’
করোনার কারণে হল বন্ধ থাকায় দর্শকরা হলে সিনেমা দেখার অনুভূতি থেকে বঞ্চিত হলেও সুরক্ষিত থেকে বিনোদিত হতে পারছে কেবল ওটিটির মাধ্যম্যেই। এ প্রসঙ্গে দিশা আরো বলেন, ‘ওয়েবকে ধন্যবাদ জানাই সুরক্ষিত রেখে সিনেমা দেখার সুযোগ করে দেওয়ার জন্য। দর্শকরা হলের মজা থেকে বঞ্চিত হলেও সুরক্ষিত থাকতে পারছেন এটাও কম কীসের!’
