দেশে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে ২৪ ঘণ্টার ব্যবধানে আরো ২৬ জনের মৃত্যু হয়েছে, সংক্রমণ ধরা পড়েছে আরো ১ হাজার ৫০৪ জনের মধ্যে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৭ লাখ ৮৬ হাজার ৬৯৮ জন হয়েছে। আর করোনা ভাইরাসে মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ১২ হাজার ৩১০ জন। সরকারি হিসাবে আক্রান্তদের মধ্যে এক দিনে আরো ১ হাজার ৫২৯ জন সুস্থ হয়ে উঠেছেন। অর্থাত্ এক দিনের পরিসংখ্যানে আক্রান্তের চেয়ে বেশি মানুষ সুস্থ হয়েছে। দেশে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২৯ হাজার ৩৯ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪৮২টি ল্যাবে ১৮ হাজার ২৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৫৭ লাখ ৯৩ হাজার ১৭৭টি নমুনা। শুক্রবার নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ২২ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৬৭ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৬ শতাংশ। সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৪২ লাখ ৩৮ হাজার ৭২২টি; বেসরকারি ব্যবস্থাপনায় ১৫ লাখ ৫৪ হাজার ৪৫৫টি। গত এক দিনে যারা মারা গেছেন, তাদের ১৯ জন পুরুষ, আর নারী ৭ জন। তাদের ২৩ জন সরকারি হাসপাতালে, তিন জন বেসরকারি হাসপাতালে মারা যান। তাদের মধ্যে ১৪ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, আট জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, দুই জনের বয়স ৪১ থেকে ৫০ বছর, এক জনের বয়স ৩১ থেকে ৪০ বছর এবং এক জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে ছিল।
