চীনের বিনিয়োগে নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইইউ কর্মকর্তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা না তুললে ইউরোপে বিনিয়োগ করতে পারবে না চীন। ইইউর বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর ডয়চেভেলের
২০২০ সালের ডিসেম্বর মাসে চীনের সঙ্গে ঐতিহাসিক চুক্তি হয়েছিল ইইউর। ঠিক হয়েছিল, ইউরোপের বিভিন্ন দেশে চীন বিনিয়োগ করতে পারবে। প্রায় সাত বছর ধরে এই চুক্তিটি নিয়ে চীন এবং ইইউর মধ্যে আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত ২০২০ সালের ডিসেম্বর মাসে দুই পক্ষ ঐতিহাসিক সিদ্ধান্তে পৌঁছায়। ২০২১ সালের মার্চ মাসে চীনের সঙ্গে সম্পর্ক খারাপ হয় ইইউর। উইঘুর মুসলিমদের সঙ্গে চীনের আচরণ নিয়ে প্রশ্ন তোলা হয়। মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এই অভিযোগে চীনের চার কূটনীতিকের উপর নিষেধাজ্ঞা জারি করে ইইউ। চীনও পালটা ইইউর একাধিক কূটনীতিক, গবেষক, স্কলারের ওপর নিষেধাজ্ঞা জারি করে। গত বৃহস্পতিবারের বৈঠকে সে প্রসঙ্গটিই সামনে আসে। সিদ্ধান্ত হয়, চীন নিষেধাজ্ঞা না তুললে বিনিয়োগ করতে দেওয়া হবে না। তবে বৈঠকে জার্মানি চীনের বিনিয়োগের পক্ষে ছিল। চীনের সঙ্গে চুক্তিতে গুরুত্বপূর্ণ অবস্থান নিয়েছিল জার্মানি। ইউরোপে জার্মানি চীনের সবচেয়ে বড় বাজার।
