হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) পরিচালক জন সিফটন বলেছেন, নির্বাচনের আগে বাংলাদেশ সরকার বিরোধী দলের কর্মীদের আটক করছে। গণমাধ্যম ও সুশীল সমাজের কণ্ঠরোধ করতে চাইছে। বৃহস্পতিবার ওয়াশিংটনে টম ল্যানটস হিউম্যান রাইটস কমিশন আয়োজিত ‘বাংলাদেশে নির্বাচন ও মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ঢাকায় প্রাপ্ত খবরে জানা যায়, অনুষ্ঠানে হিউম্যান রাইটস ওয়াচ, ওয়ার্ল্ড ভিশনসহ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট অনুষ্ঠানে যোগ দিলেও তিনি কোনও বক্তব্য রাখেননি। ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা লরা ব্রামন বলেন, ডিসেম্বরের নির্বাচনে রাজনৈতিক সহিংসতা বাংলাদেশের শিশুদের জন্য একটি বড় বিপদ এবং এ সহিংতায় অনেক সময়ে শিশুদের মারাত্মক ক্ষতি হয়।
প্রশ্নোত্তর পর্বে ওয়াশিংটনে বাংলাদেশ মিশনের উপপ্রধান মাহবুব সালেহ সিফটন এবং ব্রামন বিভিন্ন মন্তব্যের জবাব দেন। সরকার নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক চায় না, এমন মন্তব্যের জবাবে সালেহ বলেন, সরকার পর্যবেক্ষকদের স্বাগত জানায়। খালেদা জিয়ার শাস্তি প্রসঙ্গে তিনি বলেন, খালেদা জিয়াকে শাস্তি দিয়েছেন আদালত, সরকার নয়। বিরোধী দলের নেতাকর্মীদের আটক প্রসঙ্গে তিনি বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী ও বিরোধী জোটের সংলাপে বিষয়টি আলোচিত হয়েছে। বিরোধী দলের যাদের বিরুদ্ধে ক্রিমিনাল মামলা নেই, প্রধানমন্ত্রী তাদের তালিকা দিতে বলেছেন।
ইত্তেফাক/আরকেজি
