অনৈতিক কাজে লিপ্ত থাকায় পিতাকে পিটিয়ে হত্যা করলো সন্তানেরা

আপডেট : ২২ মে ২০২১, ২০:০৩

ময়মনসিংহের ত্রিশালে অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় দেখে পিতাকে পিটিয়ে হত্যা করেছে তার ছেলেরা। শুক্রবার (২১ মে) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, গত বৃহস্পতিবার উপজেলার বালিপাড়া ইউনিয়নের চর মাধাখালি গ্রামের খায়রুল অনৈতিক কাজে লিপ্ত থাকে। এসময় তার ছেলে মিনহাজ ও আকরাম বিষয়টি টের পেলে শুরু হয় পিতাপুত্রের মাঝে বাকবিতণ্ডা। কথা কাটাকাটির সময় পিতা খায়রুল ছেলেকে মারধর শুরু করলে এক পর্যায়ে ছেলেরা তাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানেরা হয়। গত শুক্রবার সন্ধ্যায় সেখানে খায়রুলের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে আকরামকে আটক করেছে পুলিশ।

ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান, অনৈতিক কাজে লিপ্ত হওয়ায় ছেলেরা প্রতিবাদ করলে বাবা ছেলেদের মাঝে হাতাহাতি হয়। এক পর্যায়ে ছেলেরা তাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে আহত খায়রুলকে মেডিকেলে ভর্তি করা হয়। শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি আরও জানান, খায়রুলের বিরুদ্ধে ত্রিশাল থানায় হত্যা, ধর্ষণ ও লুটপাটসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। এ ঘটনায় ছেলে আকরামকে আটক করা হয়েছে এবং শনিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

ইত্তেফাক/এসজেড