তারেক আনন্দের কথায় অনন্ত’র লিপে ‘বর্ষা চোখ’

আপডেট : ২২ মে ২০২১, ২০:৩৪

 বিনোদন রিপোর্ট

 

গীতিকবি তারেক আনন্দের কথায় ইমরানের ‘বলতে বলতে চলতে চলতে’ অ্যালবামে প্রকাশ হয় ‘বর্ষা চোখ’ গানটি। সেই সময়ই অডিওতে ইমরানের গাওয়া ‘বর্ষা চোখ’ গানটি জনপ্রিয়তা পায়। ইউটিউবে ভক্তদের বানানো শতাধিক ভিডিও রয়েছে ‘বর্ষা চোখ’ গানের। প্রকাশিত স্টুডিও ভার্সনের ভিউ কোটি ছাড়িয়ে যায়। এবার এই গান থাকছে অনন্ত জলিলের বিগ বাজেটে নির্মিত আলোচিত ‘দিন:দ্য ডে’ ছবিতে। সিনেমার জন্য এই গানটির নতুন করে সংগীতায়োজন করেছেন ইমরান নিজেই। গান প্রসঙ্গে গীতিকবি তারেক আনন্দ বলেন, ‘অডিওতে এই গানের মাধ্যমে অগণিত মানুষের ভালোবাসা পেয়েছি। এবার গানটি আসছে বড়পর্দায়। নিঃসন্দেহে এটা আমার জন্য ভালোলাগার। অডিওর মতো সিনেমার এই গানটিও শ্রোতারা গ্রহণ করবেন।’ গানটি প্রসঙ্গে ছবিটির প্রযোজক-নায়ক অনন্ত জলিল বলেন, ‘গানটির শিরোনাম বর্ষা চোখ হওয়ার কারণেই গানটি নতুন করে করছি এবং এর চিত্রায়ণে ভিন্নতা আনা হয়েছে। আমি বরাবরই নতুন কিছুই দেওয়ার চেষ্টা করেছি। এটি তারই ধারাবাহিকতা বলতে পারেন।’ বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত দিন:দ্য ডে পরিচালনা করছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। এই ছবিতে অনন্তর বিপরীতে অভিনয় করেছেন তার স্ত্রী বর্ষা। এছাড়া ইরান ও লেবাননের বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীও রয়েছেন ছবিটিতে। জানা গেছে, দিন:দ্য ডে মুক্তি পাবে ঈদুল আজহায়।