৩২ বছরেও চালু হয়নি বাঞ্ছারামপুর তাঁত বোর্ড ফ্যাসিলিটিজ সেন্টার

আপডেট : ২২ মে ২০২১, ২১:০৭

নষ্ট হচ্ছে লাখ লাখ টাকার মেশিনারি

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

বাঞ্ছারামপুরের ছলিমাবাদ ইউনিয়নের তিতাস নদীর পূর্ব পাড়ে অবস্থিত তাঁত বোর্ড ফ্যাসিলিটিজ সেন্টারটি ৩২ বছরেও চালু হয়নি। এদিকে বছরের পর বছর অযত্ন অবহেলায় পড়ে নষ্ট হচ্ছে সেন্টারের লাখ লাখ টাকার যন্ত্রপাতি।

১৯৮৯ সালে ২৬২ শতক জমির ওপর প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় এ সেন্টার। এটি নির্মাণের উদ্দেশ্য ছিল বাঞ্ছারামপুরসহ আশপাশের উপজেলার তাঁতিদের জন্য রং, মাকু ও সুতার চাহিদা পূরণ এবং এলাকার বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। কিন্তু যাদের জন্য প্রতিষ্ঠানটি নির্মাণ করা হয়েছিল সেই তাঁতিরা এখন পর্যন্ত এর কোনো সুফল পাননি। আর কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মিত আবাসিক ডরমেটরিসহ ভবনগুলোর গায়ে শ্যাওলা পড়েছে। এলাকার তাঁতিদের সঙ্গে আলাপ করে জানা গেছে, বাঞ্ছারামপুর উপজেলার ১৩টি ইউনিয়নে প্রায় ৩০ হাজার তাঁত ছিল। এতে প্রায় ৫০ হাজার শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু কালের পরিবর্তনে তা আজ বিলুপ্তির পথে। ক্রমাগত লোকসান, পুঁজির অভাব এবং দফায় দফায় কাঁচামালের দাম বাড়ার কারণে থমকে গেছে উপজেলার তাঁত শিল্পীদের জীবনের স্বাভাবিক গতি। 

সরেজমিনে দেখা গেছে, বিশাল আকারের তাঁত বোর্ড ফ্যাসিলিটিজ সেন্টারটি দীর্ঘদিন যাবত তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। তাঁত বোর্ডের ঋণ কর্মকর্তা মো. আবদুল জলিল জানান, কয়েক বছর আগে বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে কর্মকর্তারা প্রতিষ্ঠানটি দেখতে এসেছিলেন। কিন্তু এরপর আর কোনোকিছুই জানা যায়নি। তিনি বলেন, ফ্যাসিলিটিজ সেন্টারের কর্মকর্তাদের জন্য নির্মিত ছয়টি আবাসিক ভবন ও ১২টি ডরমেটরি রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। একই সঙ্গে নষ্ট হচ্ছে ভেতরে থাকা লাখ লাখ টাকার মেশিনারিসহ বিভিন্ন যন্ত্রপাতি।