মনপুরা (ভোলা) সংবাদদাতা
মনপুরা-চরফ্যাশন নৌ-রুটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন লঞ্চ মালিকরা। ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়ের পরেও প্রতিদিনই আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া। এতে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। অতিরিক্ত ভাড়া দিতে অস্বীকৃতি জানালে হেনস্তার শিকার হচ্ছেন যাত্রীরা। যাত্রী মো. ফরুক, কামাল, অহিদ, আসমা বেগম ও নূপুর বেগম জানান, ভ্রাম্যমাণ আদালত মনপুরার জনতা বাজার থেকে চরফ্যাশনের বেতুয়া লঞ্চ ঘাট পর্যন্ত যাত্রী ভাড়া ৮০ টাকা ধার্য করে দেয়। কিন্তু লঞ্চ কর্তৃপক্ষ জোর করে ১২০ টাকা ভাড়া আদায় করে। কম ভাড়া দিতে চাইলে খুব খারাপ আচরণ করেন। এছাড়া লঞ্চে কোনো স্বাস্থ্যবিধিও মানা হচ্ছে না। অতিরিক্ত ভাড়া আদায় বিষয়ে এম ভি মা মাসুমা লঞ্চের কেরানি মো. ফরিদ বলেন, করোনার কারণে ব্যাপক লোকসান হওয়ায় অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে। তবে ১২০ টাকা থেকে কমিয়ে লঞ্চ কর্তৃপক্ষ এখন ১০০ টাকা করে নিতে বলেছে। এখন থেকে ১০০ টাকা করে নেওয়া হবে। মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম মিঞা বলেন, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
