ঈশ্বরদীতে লিচুর ভালো দামের আশায় কৃষক

আপডেট : ২২ মে ২০২১, ২১:২৪

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

বোম্বাই লিচুর ফলন বিপর্যয়ের পর দাম ভালো পাওয়ায় ঈশ্বরদীর লিচুচাষিরা আশায় বুক বাঁধছেন। তবে বৃষ্টির আশঙ্কায় এখনো শঙ্কিত তারা। এদিকে অনেক শঙ্কার পর মোকামে লিচু উঠেছে। গত চার দিন যাবত্ মোজাফ্ফর জাতের বিপুল পরিমাণ লিচু বেচাকেনা শুরু হয়েছে। আর বোম্বাই লিচু অল্প অল্প করে বাগান থেকে মোকামে আসতে শুরু করেছে। ঈশ্বরদীর সাহাপুর, আওতাপাড়া ও জয়নগর লিচু মোকাম ছাড়াও বাগান থেকেও বিক্রি হচ্ছে। চাষি শাহমত জানান, বৃষ্টির জন্য আমরা শংকায় আছি। লিচুতে পোকা হলে ঝরে যাবে, দামও ভালো পাওয়া যাবে না। সাহাপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ ফকির বলেন, বৈরী আবহাওয়ায় বোম্বাই লিচুর ফলন কম হতে পারে।