মদন (নেত্রকোনা) সংবাদদাতা
মদনে এক শিশুকে ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের হয়েছে। শুক্রবার রাতে মেয়েটির মা বাদী হয়ে মদন থানায় মনোয়ার হোসেন নামের এক কিশোরের বিরুদ্ধে অভিযোগটি দায়ের করেন। পুলিশ মনোয়ারকে রাতেই তার বাড়ি থেকে গ্রেফতার করেছে। মনোয়ার হোসেন মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়েনের কদমশ্রী মনিকা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত রুক্তন মিয়ার ছেলে। সে কদমশ্রী এ ইউ খান উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী। মদন থানার ওসি ফেরদৌস আলম জানান, বিষপানে এক শিশু শুক্রবার আত্মহত্যা করেছে। এ ব্যাপারে মেয়েটির মা ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনায় অভিযোগ এনে কিশোর মনোয়ারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। শনিবার আসামিকে নেত্রকোনা কোর্টে পাঠানো হবে।
