স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর শেখ হাসিনা সেতু এলাকায় প্রাইভেট কারে তল্লাশি করে ৭৪ বোতল ফেনসিডিল জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় একজন শিক্ষকসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—নগরীর মিলিনিয়াম স্টার স্কুল অ্যান্ড কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক শুভেন্দু বোস, গাড়ি চালক রবিউল ইসলাম এবং জাহাঙ্গীর আলম সিরাজ। শুক্রবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের এসআই শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। রংপুর জেলা গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম সাংবাদিকদের জানান, এ চক্রটি দীর্ঘদিন ধরে মাদক পরিবহন ও কারবারের সঙ্গে জড়িত। শিক্ষক শুভেন্দু বোসসহ তিন জনের বিরুদ্ধে গোয়েন্দা বিভাগের এসআই মনিরুজ্জামান বাদী হয়ে গঙ্গাচড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
