বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন!

আপডেট : ২২ মে ২০২১, ২১:২৬

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার গাবতলী উপজেলার পল্লীতে ধারের ২০০ টাকা ফেরত চাওয়ায় আব্দুস সালাম নামের এক যুবককে ছুরিকাঘাতে খুনের অভিযোগ উঠেছে আরেক বন্ধুর বিরুদ্ধে। শুক্রবার রাত ১০টার দিকে বালিয়াদীঘি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম গাবতলী উপজেলার বালিয়াদীঘি গ্রামের সাজু প্রামাণিকের ছেলে। নিহতের বাবা সাধু প্রামাণিক জানিয়েছেন, আব্দুস সালাম ও জীবন দুই বন্ধু। বেশ কিছুদিন আগে সালাম জীবনকে ২০০ টাকা ধার দেয়। শুক্রবার রাতে সালাম বাড়ির পাশে জীবনকে দেখতে পেয়ে পাওনা টাকা দাবি করে এবং টাকা না দিলে জীবনের মোবাইল ফোন কেড়ে নিতে চান। বাগিবতণ্ডার এক পর্যায়ে জীবন টাকা ফেরত দেওয়ার কথা বলে সালামকে ফাঁকা স্থানে ডেকে নিয়ে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সালামের চিত্কারে পরিবারের সদস্যরা এগিয়ে আসে। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, গুরুতর আহত অবস্থায় সালাম তার বাবার কাছে জানায়- জীবন তাকে ছুরিকাঘাত করেছে এবং টাকা দেওয়ার কথা বলে এ ঘটনা ঘটিয়েছে। পুলিশের একাধিক টিম জীবনকে গ্রেফতারে অভিযান শুরু করেছে।