তাড়াশে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু

আপডেট : ২২ মে ২০২১, ২১:২৬

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

তাড়াশে পুকুরের পানিতে পড়ে মুক্তি খাতুন (৮) ও আশিকুর রহমান (৭) নামের দুই শিশু মারা গেছে। সম্পর্কে তারা খালাত ভাই বোন। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাস-উজ-জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ঝড়-বৃষ্টির পর দুই শিশু পুকুর পাড়ে আম কুড়াতে যায়। সে সময় পা পিছলে তারা পুকুরে পড়ে যায়। পরে তাদের লাশ পানিতে ভেসে ওঠে। মুক্তি খাতুন উপজেলার তালম ইউনিয়নের তারাটিয়া গ্রামের মোক্তার হোসেনের মেয়ে। আশিকুর রহমান কাজিপুর উপজেলার সোনামুখী গ্রামের নকুল হোসেনের ছেলে।

জয়পুরহাটে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি জানান, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আমিড়া গ্রামে পুকুরে ডুবে আব্দুল্লাহ (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় তার লাশ উদ্ধার করা হয়। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরেন্দ্রনাথ মণ্ডল পরিবারের বরাত দিয়ে জানান, নিহত শিশু আব্দুল্লাহ বগুড়া শহরের সালাউদ্দিনের ছেলে। কয়েক দিন আগে সে ক্ষেতলাল উপজেলার আমিড়া গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার দুপুরে গ্রামের এক শিশুর সঙ্গে আব্দুল্লাহ পুকুরে গোসল করছিল। সাঁতার না জানায় এক পর্যায়ে পানিতে ডুবে যায়। পরে সন্ধ্যয় লাশ পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা। পুকুর থেকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন।